খুলনার কয়রা উপজেলার শিমলারআইট গ্রামে চলাচলের পথ নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় কয়রা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহারাজপুর ইউনিয়নের এছার আলী সরদার ও আব্দুল হালিম সরদার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছিল। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে জমি ও পথ ব্যবহারের বিষয়টি নিয়ে পূর্বেও আদালতে মামলা হয়েছিল বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, চলাচলের পথ ঘিরে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এছার আলী সরদার, ফরিদা বেগম, মনিরুল ও মিনার গুরুতর আহত হন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। ঘটনার পর এছার আলী সরদার বাদী হয়ে কয়রা থানায় মামলা দায়ের করেন। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

স্থানীয়রা জানান, চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. তাওহিদুল ইসলাম বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।