শ্রীপুরে বৃদ্ধের ম ‘র’দেহের পাশে মিলল নগদ টাকার ব্যাগ

মোঃ রাসেল মিয়া, নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল হোসেন খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা এলাকার বাসিন্দা। তিনি আগের রাতে বিদ্যালয়ের বারান্দায় অবস্থান নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে ঘটনাস্থলে কোনো ধরনের অপরাধের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অসুস্থ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনাটির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

error: Content is protected !!