কয়রায় শিমলারআইট গ্রামের ঘটনায় স্থানীয়দের মানববন্ধন

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধি:
প্রকাশ: ৪৩ minutes ago

খুলনার কয়রা উপজেলার শিমলারআইট গ্রামে চলাচলের পথ দখলকে কেন্দ্র করে হামলায় আহত এছার আলী সরদারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নিহত এছার আলী সরদার এলাকার একজন সুপরিচিত ও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তাকে যেভাবে পরিকল্পিতভাবে আঘাত করে হত্যা করা হয়েছে, তাতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বক্তারা অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ও তার সহযোগীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষে বক্তব্য রাখেন হাফেজ দিদারুল ইসলাম, হাফেজ ইব্রাহীম খলীল, মুজিবুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উক্ত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিহতের পরিবারের সদস্য এবং সাধারণ জনগণ অংশ নেন। তারা এই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৩১ মে চলাচলের পথ অবৈধভাবে দখল ও জোরপূর্বক ঘেরা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে প্রতিপক্ষ হালিম সরদার ও তার সহযোগীদের হামলায় এছার আলী সরদার গুরুতর আহত হন। তাকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলার অভিযোগ রয়েছে। এই ঘটনায় কয়রা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

error: Content is protected !!