গাজীপুরের কাশিমপুরে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুকে ঘিরে স্থানীয় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গৃহকলহজনিত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত শারমিন আক্তার (২৫) সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তার স্বামী শরিফুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে দেরিতে বাসায় ফেরাকে কেন্দ্র করে দম্পতির মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। কয়েকদিন পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং গর্ভস্থ শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যায়। পরে মা ও গর্ভস্থ শিশুর মৃত্যু হয়।
এলাকাবাসীর দাবি, ওই নারী পূর্বেও পারিবারিক নির্যাতনের শিকার ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ। তিনি জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।