কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭টি ইলেকট্রিক (বিটেক) গাড়ি পুড়ে গেছে। শুক্রবার ভোররাত আনুমানিক ৪টার দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথা, হায়দার আলী মিয়াজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেজাম কোম্পানির বিটেক গাড়ির একটি পার্কিং গ্যারেজে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়ার সময় একটি গাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি ঘটে। মুহূর্তেই আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পার্কিংয়ে থাকা একের পর এক গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। অল্প সময়ের মধ্যেই পুরো গ্যারেজ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হলেও, তাদের পৌঁছানোর আগেই স্থানীয় এলাকাবাসী সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।