শেরপুরে টিআরসি পরীক্ষায় ডিভাইসসহ পাঁচজন আটক

জান্নাতুল বাকী:
প্রকাশ: ৫ minutes ago

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) শেরপুর পৌরসভার গৃদ্ধা নারায়ণপুর এলাকায় অবস্থিত নবারুণ পাবলিক স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. শান্ত মিয়া, মো. মহিউর রহমান ওরফে মশাল, মো. মমিনুল ইসলাম মমিন, মো. রসুল মিয়া ও মো. রায়হান হোসেন। এসময় তাদের কাছ থেকে উচ্চপ্রযুক্তির পাঁচটি ইলেকট্রনিক ডিভাইস ও পাঁচটি মাইক্রো ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে মো. শান্ত মিয়ার সন্দেহজনক আচরণ নজরে আসে দায়িত্বরত পুলিশ সদস্যদের। পরে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হলে তার নির্দেশে শান্তর দেহ তল্লাশি করা হয়। এসময় তার ডান কান থেকে একটি ক্ষুদ্র মাইক্রো ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত জানান, তিনি জুতার ভেতরে এবং গেঞ্জির বিশেষ পকেটে ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছিলেন। এরপর পুলিশ সুপারের নির্দেশে কেন্দ্রের প্রতিটি কক্ষে নিবিড় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে আরও চার পরীক্ষার্থীকে একই ধরনের ডিভাইসসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্যমতে, একটি প্রতারক চক্রের সঙ্গে কনস্টেবল পদে চাকরি পাওয়ার জন্য জনপ্রতি ১৮ লাখ টাকা করে চুক্তি করা হয়েছিল। ওই চক্রই পরীক্ষায় জালিয়াতির উদ্দেশ্যে তাদের এসব বিশেষ ডিভাইস সরবরাহ করে।

শেরপুর জেলা পুলিশ জানিয়েছে, আটক পাঁচ পরীক্ষার্থীসহ প্রতারক চক্রের মূল হোতাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও কলঙ্কমুক্ত রাখতে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি ও কঠোর তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

error: Content is protected !!