ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউট পাঠদানের অনুমোদন পাওয়ার প্রথম বছরেই দেশের শীর্ষ ফলাফল অর্জন করেছে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ২০২৫-এর ১ম সেমিস্টার পরীক্ষায় সারা দেশে A+ প্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জনই এই প্রতিষ্ঠানের, যা প্রতিষ্ঠানটিকে দেশের সেরার আসনে বসিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ফলাফল ঘোষণার পর বুধবার বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে আনন্দ উদযাপন করেন।
জানা গেছে, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। ২০২৫ সালে পাঠদানের অনুমোদন পাওয়ার পর প্রথম বছরেই ২০২৬ সালের জানুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত ১ম সেমিস্টার (২০২২ রেগুলেশন) পরীক্ষায় এই সাফল্য অর্জিত হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটির ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৯ জন A+ অর্জন করেছেন। তারা হলেন—ফারজানা আক্তার, সুমাইয়া আক্তার, হাফসা আক্তার, মারিয়া, মিম আক্তার, সাদিয়া আক্তার, সাকিব বিন রফিক, মো. আহনাফুল ইসলাম ও কুলসুম আক্তার।
প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহ বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে হাতে-কলমে মানসম্মত শিক্ষা প্রদান করা হচ্ছে। নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে আধুনিক ল্যাব, লাইব্রেরি ও সুশৃঙ্খল পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের পেছনে অনুপ্রেরণা হিসেবে রয়েছেন প্রতিষ্ঠাতা মতিন ভূঁইয়া (সিপিএ)।
অধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। তিনি জানান, এখানে সিভিল কনস্ট্রাকশনসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ ও ভর্তির সুযোগ রয়েছে।