মাগুরায় যুবকের বেদনাদায়ক মৃ’ ত্যু

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা:
প্রকাশ: ৪১ minutes ago

মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় দাম্পত্য কলহের জেরে জিহাদ হোসেন (১৮) নামে এক যুবকের অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (০৬ জুন) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে।

নিহত জিহাদ হোসেন মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ঝালকাঠি জেলার মীম খাতুনের সঙ্গে জিহাদের বিয়ে হয়। স্বজনদের ভাষ্যমতে, আসন্ন ঈদ উপলক্ষে বাবার বাড়ি যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে এক ধরনের মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে মীম বাবার বাড়িতে চলে গেলে তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়। জিহাদের স্বজনদের দাবি, মীমকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় জিহাদ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং এরই জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে তদন্তের স্বার্থে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

যুবকের এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহলের মতে, পারিবারিক যেকোনো মতবিরোধ আবেগ বা যন্ত্রণার বশবর্তী না হয়ে পারস্পরিক আলোচনা ও সঠিক কাউন্সিলিংয়ের মাধ্যমে সমাধান করা উচিত।

error: Content is protected !!