নশরতপুরে বসতবাড়িতে আগুন, ক্ষতির মুখে কৃষক পরিবার

নিজস্ব প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর):
প্রকাশ: ৫৮ minutes ago

নাটোরের নলডাঙ্গা উপজেলার নশরতপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন—নশরতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. সাহাবুর (৩৬) এবং একই গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো. তাহের (৫০)। অগ্নিকাণ্ডে সাহাবুরের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশে থাকা আরও একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ইউপি সদস্য মোজ্জামেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাহাবুরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতেও। এতে সাহাবুরের প্রায় ১০টি ছাগল পুড়ে মারা যায় এবং তিনি লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হন।

অন্যদিকে, তাহেরের বসতঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ জমির দলিল আগুনে পুড়ে যায়। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত সাহাবুর জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা সময়মতো পৌঁছাতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন সেক্রেটারি আব্দুল গনি বলেন, গভীর রাতে হঠাৎ আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা নেওয়া জরুরি, নইলে তারা চরম মানবিক সংকটে পড়বে।

error: Content is protected !!