খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে আমচুর পাউডারের জাদু

দেশ এডিশন জীবনযাপন ডেস্ক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

রান্নার স্বাদে নতুনত্ব আনতে অনেকেই বিভিন্ন মসলা ব্যবহার করেন। তবে কাঁচা আম শুকিয়ে তৈরি করা আমচুর পাউডার এমন একটি উপাদান, যা খুব অল্প পরিমাণেই খাবারে এনে দিতে পারে অনন্য টক স্বাদ ও মনোমুগ্ধকর সুগন্ধ। প্রতিদিনের সাধারণ রান্নাকেও এটি সহজেই করে তুলতে পারে আরও মুখরোচক।

বিশেষজ্ঞদের মতে, ডাল, সবজি, ভাজি কিংবা বিভিন্ন ধরনের আমিষ ও নিরামিষ পদে আমচুর পাউডার ব্যবহার করলে খাবারের স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। মুগ, মসুর, অড়হর বা ছোলার ডাল রান্নার শেষ পর্যায়ে সামান্য আমচুর পাউডার ছিটিয়ে দিলে এতে হালকা টক-মিষ্টি স্বাদ ও আকর্ষণীয় ঘ্রাণ যোগ হয়। একইভাবে আলু, পটলসহ বিভিন্ন ভাজা সবজির ওপর সামান্য আমচুর ছড়িয়ে দিলে সাধারণ খাবারও হয়ে ওঠে আরও সুস্বাদু।

চিকেন, বিফ, মাটন কিংবা পনির ম্যারিনেট করার সময় মশলার সঙ্গে আমচুর পাউডার মিশিয়ে নিলে খাবারে তৈরি হয় ভিন্নধর্মী স্বাদ। বিশেষ করে কাবাব ও গ্রিলজাতীয় খাবারে এটি ব্যবহার করলে টক-মিষ্টি স্বাদের পাশাপাশি বাড়ে সুগন্ধও।

এছাড়া পুদিনা ও ধনেপাতার চাটনি তৈরিতে আমচুর পাউডার ব্যবহার করলে পাওয়া যায় বিশেষ স্বাদ। আমচুর, গুড়, লবণ ও পানি মিশিয়ে সহজেই তৈরি করা যায় ঝটপট চাটনি, যা চাট, ফুচকা বা আলুকাবলির সঙ্গে দারুণ মানিয়ে যায়।

শুধু ঐতিহ্যবাহী রান্নাই নয়, ফ্রেঞ্চ ফ্রাই, পাকোড়া কিংবা পিৎজার মতো ফাস্টফুডেও আমচুর পাউডার যোগ করতে পারে নতুন মাত্রা। সামান্য ছিটিয়ে দিলেই এসব খাবার হয়ে ওঠে আরও চটপটা ও আকর্ষণীয়।

সহজলভ্য এবং ব্যবহারবান্ধব এই উপাদানটি রান্নাঘরে থাকলে খুব কম পরিশ্রমেই সাধারণ খাবারকে রেস্তোরাঁ-স্টাইলের সুস্বাদু পদে রূপ দেওয়া সম্ভব বলে মনে করেন রন্ধনপ্রেমীরা।

error: Content is protected !!