খুলনায় আলোচিত ঘটনার রায় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২৪ minutes ago

খুলনার তেরখাদা উপজেলায় আলোচিত দুই শিশু মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের বাসিন্দা। ২০১৮ সালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বাসিন্দা মো. মাসুম বিল্লাহর সঙ্গে তার বিয়ে হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৭ ডিসেম্বর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জমজ দুই কন্যা সন্তানের জন্ম হয়। পরবর্তীতে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজে না পাওয়ার বিষয়টি জানতে পারেন। পরে পারিবারিক পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

পরবর্তীতে তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

error: Content is protected !!