নওগাঁর মান্দা উপজেলায় সাপের কামড়ে রাবেয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের অনাথ শিমলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম উপজেলার কাঞ্চনপুর গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী। তিনি কয়েকদিন আগে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়িতে ধান কাটার শ্রমিকদের জন্য রান্নার প্রস্তুতির সময় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে তিনি সাপের দংশনের শিকার হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।