গাইবান্ধায় নদীভাঙ্গন কবলিত পরিবারে ঈদ-উল-আযহার মাংস বিতরণ

মো:লিংকন আহমেদ :
প্রকাশ: ২ minutes ago

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বন্যা ও নদীভাঙ্গন কবলিত এলাকার ৪ হাজার ২০০ প্রান্তিক পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। আজ (২৯ মে) দুই উপজেলার মোট ৯টি ইউনিয়নের অসহায় পরিবারগুলোর মাঝে এই মাংস বিতরণ করা হয়।
​ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসকেএস ফাউন্ডেশন’ এই মানবিক কর্মসূচির আয়োজন করে।

দূর-দূরান্ত থেকে আসা মানুষের ভোগান্তি কমাতে এবারই প্রথম তিনটি পৃথক কেন্দ্র থেকে মাংস বিতরণ করা হয়। কেন্দ্রগুলো হলো—
​সাঘাটা ইউনিয়নের এসকেএস রিসোর্ট সেন্টার
​জুমারবাড়ীর জিকেএস (GKS) অফিস
​ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ মাঠ
​এই কেন্দ্রগুলো থেকে প্রতিটি পরিবারকে ২ কেজি করে মাংস প্রদান করা হয়।

জুমারবাড়ীর বিতরণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ। জিকেএস-এর নির্বাহী পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
​অন্যদিকে, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ ইব্রাহীম আকন্দ সেলিম।
​এছাড়া ভরতখালীর অনুষ্ঠানে এসকেএস ফাউন্ডেশনের উপপরিচালক খন্দকার জাহিদ সরোওয়ার ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকারী প্রজেক্ট অফিসার মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন।

এসকেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, চরাঞ্চল ও নদীভাঙ্গন কবলিত এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই তাদের এই প্রয়াস। সুশৃঙ্খলভাবে মাংস বিতরণ সম্পন্ন হওয়ায় তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

error: Content is protected !!