গাইবান্ধায় পেনশন দাবিতে খেতমজুরদের মানববন্ধন

মোঃ রাসেল মিয়া:
প্রকাশ: ৩৮ minutes ago

গাইবান্ধায় আসন্ন জাতীয় বাজেটে গ্রামীণ খেতমজুরদের জন্য বিশেষ বরাদ্দ এবং ষাটোর্ধ্ব খেতমজুরদের জন্য বিনা জমায় পেনশন চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর ১টায় শহরের ডিবি রোডে নাট্য সংস্থার সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ খেত মজুর সমিতি গাইবান্ধা জেলা শাখা।

‘কাজ-মজুরি-জমি-অধিকার ও ইনসাফ চাই’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী মানুষ অংশ নেন। এসময় তারা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিতে খেতমজুরদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। কঠোর পরিশ্রমের পরও অনেক শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা পাচ্ছেন না।

বক্তারা আরও বলেন, বয়সজনিত কারণে কর্মক্ষমতা হারানো ষাটোর্ধ্ব খেতমজুরদের জন্য রাষ্ট্রীয়ভাবে পেনশন সুবিধা চালু করা প্রয়োজন। পাশাপাশি গ্রামীণ শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।
প্রতিবেদক: মোঃ রাসেল মিয়া

error: Content is protected !!