গাইবান্ধায় বজ্রপাতে ৫ প্রাণহানি, আহত একজন চিকিৎসাধীন

মোঃ রাসেল মিয়া:
প্রকাশ: ৪২ minutes ago

গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতের ঘটনায় এ প্রাণহানি ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।


নিহতরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ফুয়াদ চৌধুরী (১৪), রাফি মিয়া (১৫) ও মিজান হোসেন (২০); ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরের মানিক হোসেন (২২) এবং সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের নম্বার আলী (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বাড়ির পাশের সড়কে অবস্থানকালে বজ্রপাতে তিনজন নিহত হন। একই সময়ে ফুলছড়ির জামিরা চরে বজ্রাঘাতে মানিক হোসেন ঘটনাস্থলেই মারা যান। পৃথক ঘটনায় সাঘাটার হেলেঞ্চা গ্রামে মাঠ থেকে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন নম্বার আলী।

এ ঘটনায় আহত হয়েছেন দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের শামীম (১৮)। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া বজ্রপাতে একটি গরু ও একটি ঘোড়ার মৃত্যুর খবর পাওয়া গেছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

error: Content is protected !!