গাছে গাছে টসটসে লিচু, প্রাণচাঞ্চল্যে মুখর ঝিনাইদার গ্রামাঞ্চল

মোঃ উৎপল হোসেন অনিক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

ঝিনাইদা সদর উপজেলার ১০ নম্বর হরিশংকরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ বছর লিচুর বাম্পার ফলন হয়েছে। মৌসুমজুড়ে গাছে গাছে ঝুলছে টসটসে লাল লিচু। আর এই লিচুকে ঘিরে গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। চলছে আনন্দঘন “লিচু ভাঙা উৎসব”।

ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন লিচু সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণে। বাগানগুলোতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। পরিবারের সদস্যরাও অংশ নিচ্ছেন লিচু ভাঙার কাজে।

স্থানীয় কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যার কারণে এ বছর লিচুর ফলন অনেক ভালো হয়েছে। গত বছরের তুলনায় উৎপাদন বেশি হওয়ায় তারা আশাবাদী ভালো লাভের ব্যাপারে।

একাধিক বাগান মালিক বলেন, “এবার গাছে প্রচুর লিচু ধরেছে। বাজারেও দাম মোটামুটি ভালো রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবেন।”

লিচুর বাম্পার ফলনে শুধু কৃষকরাই নন, খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে লিচু কিনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। এতে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়দের মতে, হরিশংকরপুর ইউনিয়নের লিচু তার স্বাদ ও গুণগত মানের কারণে ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে। তাই প্রতিবছর লিচুর মৌসুম এলেই এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

কৃষি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং সরকারি সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ অঞ্চলের লিচু দেশের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

error: Content is protected !!