গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর উদ্যোগে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজী নির্মূল, অনলাইন জুয়া ও সব ধরনের অবৈধ জুয়ার কার্যক্রম বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাস দমন এবং ছিনতাই প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। তিনি বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করে জনসেবামুখী পুলিশিং নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও নির্দেশনা দেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকল ইউনিটের মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং প্রতিটি অভিযানে সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে, যাতে জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং জিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
সভা শেষে নগরীতে অপরাধ দমনে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।