নোয়াখালীর মাইজদীতে অবস্থিত নোয়াখালী জেলা কারাগারে এক হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তি মো. হুমায়ুন কবির, যিনি মাঈন উদ্দিন নামেও পরিচিত। তিনি সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে অভিযোগ করা হয়েছে, অসুস্থ হওয়ার পর যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত না হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এ বিষয়ে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক জানান, শুক্রবার জুমার নামাজের আগে অসুস্থতা অনুভব করলে কারা মেডিক্যালে তার ইসিজি করা হয়। শারীরিক অবস্থা জটিল মনে হওয়ায় দ্রুত তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।