নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের প্রায় দেড় হাজার মানুষ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই গণ-অভ্যুত্থান হল’-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বক্তারা তাঁদের বক্তব্যে নতুন বাংলাদেশ গঠনে তরুণ সমাজের অংশগ্রহণ, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ এবং গণমুখী রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, চট্টগ্রামে এ বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এনসিপিতে যোগ দেন।