শেরপুরে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

‎জান্নাতুল বাকী:
প্রকাশ: ২ ঘন্টা আগে

শেরপুরের নকলা উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়নের বাল্লাঘাট স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমীন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় পেকুয়া বিলের মোহনা থেকে বিহারীরপাড় উট ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৯৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এছাড়া পাঠাকাটা ইউনিয়নের বুরোডুবি বিল এলাকায় আরও ৩ দশমিক ৪৮৮ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নে ওয়েজ বাবদ ৬৬ লাখ ৪৪ হাজার টাকা এবং নন-ওয়েজ বাবদ ৮১ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শ্রমিকদের সর্দার মজুরি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩০০ টাকা। বাল্লাঘাট এলাকার খাল পুনঃখনন কার্যক্রমে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ের তথ্যও জানা গেছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিবসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহিম চৌধুরী বলেন, খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

error: Content is protected !!