রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে পর্যটন সম্প্রসারণের পরিকল্পনা: সংস্কৃতিমন্ত্রী

সাকিব হোসেন, কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি ঃ
প্রকাশ: ৯ ঘন্টা আগে

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (৮ মে) কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কুঠিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। কুঠিবাড়িকেও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানে আলোচকরা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও মানবিক চিন্তার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, শিলাইদহে কবিগুরুর সৃষ্টিশীল সময় বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে কুঠিবাড়িতে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী আয়োজনে প্রদীপ প্রজ্বলন, জাতীয় সংগীত পরিবেশন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, সংস্কৃতিকর্মী ও রবীন্দ্রপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

error: Content is protected !!