
জনগণের হারানো সম্পদ উদ্ধার এবং পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলো চট্টগ্রাম জেলা পুলিশ। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) প্রযুক্তিনির্ভর বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১০১টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে সফলভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) চট্টগ্রাম নাসিরাবাদস্থ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম। নিজের হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে প্রকৃত মালিকদের মুখে আনন্দের হাসি দেখা যায় এবং তারা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলাজুড়ে অপরাধ দমন, সাইবার নিরাপত্তা এবং জনসেবামূলক কার্যক্রম গতিশীল করার ওপর বিশেষ জোর দেন। এরই ধারাবাহিকতায় তাঁর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জেলার বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে বিশেষ অনুসন্ধান শুরু করে।
প্রক্রিয়াটি সফল করতে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় সাধারণ মানুষের করা মোবাইল হারানো সংক্রান্ত তথ্য ও ডায়েরিগুলো গভীরভাবে পর্যালোচনা করা হয়। পরবর্তীতে ডিবি পুলিশের একটি চৌকস দল আধুনিক তথ্যপ্রযুক্তি, ডিজিটাল ট্র্যাকিং এবং গোয়েন্দা তথ্যের নিখুঁত সমন্বয়ে নিবিড় অনুসন্ধান চালায়। দীর্ঘদিনের নিরলস ও সুশৃঙ্খল প্রচেষ্টার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সফলভাবে এই ১০১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বলেন, পুলিশের মূল লক্ষ্যই হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আইনি অধিকার ফিরিয়ে দেওয়া। সাধারণ মানুষের মুখে এই খুশির আমেজ বজায় রাখতে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে ডিবি পুলিশের এমন জনমুখী ও সেবাধর্মী কার্যক্রম আগামীতেও সম্পূর্ণ আন্তরিকতার সাথে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।