পাবনায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ জুন ২০২৬ (শনিবার) বেলা ১টায় পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
“মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. রফিকুল ইসলাম রিমনের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে হাসপাতালের চারপাশের আঙ্গিনায় মশা নিধনে স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এছাড়াও পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আকতার, জেলা ম্যাজিস্ট্রেটসহ পাবনা মেডিকেল কলেজ ও পাবনা জেনারেল হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে এ ধরনের সচেতনতা অত্যন্ত জরুরি। হাসপাতালের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখতে এবং সচেতন হতে উদাত্ত আহ্বান জানানো হয়।