ফেনীতে আদালত প্রাঙ্গণে এক নারীর বিষপানের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ ও কাবিন সংক্রান্ত একটি মামলার শুনানিতে বাদী ও বিবাদী উভয়পক্ষ আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত অভিযুক্ত স্বামীকে জামিন দিলে ওই নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভুক্তভোগীর পরিবারের সদস্যদের দাবি, জামিনের সিদ্ধান্তের পর হতাশা ও মানসিক চাপে তিনি সঙ্গে থাকা বিষাক্ত পদার্থ পান করেন। দীর্ঘদিন ধরে তিনি ফেনী শহরের রামপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত প্রাঙ্গণে হঠাৎ ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে থাকা আইনজীবী ও পুলিশ সদস্যরা তাৎক্ষণিক সহায়তায় এগিয়ে আসেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রোকন উদ্দৌলা জানান, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে রোগীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে পাকস্থলী পরিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রেমের সম্পর্কের পর ২০২৫ সালে তাদের বিয়ে হয়। পরবর্তীতে দাম্পত্য কলহের জেরে চলতি বছরের জানুয়ারিতে মামলা দায়ের করা হয়। রোববার মামলার ধার্য তারিখ ছিল।
আদালতের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, বিচার কার্যক্রম চলাকালে আবেগ ও হতাশা থেকে ওই নারী এমন পদক্ষেপ নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।