নওগাঁর মান্দা উপজেলায় সাপের কামড়ে রানা হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের গোড়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা স্থানীয় কলাচাষী আলমগীর হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাটে নেওয়ার জন্য কলা ভ্যানে তোলার সময় কলার কাঁদির ভেতরে লুকিয়ে থাকা একটি গোখরা সাপ রানার হাতে কামড় দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে বিষয়টি বুঝতে পারেন।
পরে দ্রুত তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও সংরক্ষণের সময় সতর্ক থাকার বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তারা।
এ ঘটনায় পরিবারে শোকের পরিবেশ বিরাজ করছে।