টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে কাঠুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে। ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।