মাগুরায় সামাজিক সম্প্রীতি রক্ষা, স্থানীয় পর্যায়ের বিরোধ নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ মাগুরার প্রশাসক আলী আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান, জেলার চার থানার অফিসার ইনচার্জগণ, আইনজীবীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের বিরোধ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
সভায় স্থানীয় পর্যায়ে বিরোধ মীমাংসা জোরদার, গুজব প্রতিরোধ, মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মাগুরা জেলা পুলিশ জানায়, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা বদ্ধপরিকর।