যশোরে কালবৈশাখীর তাণ্ডব: কৃষকের মৃত্যু, কৃষিতে বড় ধাক্কা, বহু হতাহত

আহসান হাবীব বাপ্পী:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

যশোরের বিভিন্ন উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু এবং অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই দুর্যোগে জনজীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসে।

নিহত ব্যক্তি লুৎফর রহমান সরদার (৫০)। তিনি মণিরামপুর উপজেলার শাহাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি থেকে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝড়ের তীব্রতায় মণিরামপুর ও কেশবপুর উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় অন্তত ২০টি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এবং অর্ধশতাধিক গাছ উপড়ে পড়েছে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়ে।

মণিরামপুর উপজেলার একাধিক ইউনিয়নে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অন্তত ১৬টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অনেক স্থানে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এদিকে কৃষিখাতেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। প্রাথমিক হিসাবে প্রায় ১৫০ বিঘা জমির বোরো ধান হেলে পড়েছে।

error: Content is protected !!