নোয়াখালীতে পেট্রোল উদ্ধার, ডিবির অভিযানে আটক তিন

মোঃ আরিফ হোসেন | নোয়াখালী সদর:
প্রকাশ: ২ ঘন্টা আগে

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি পিকআপ ভ্যানসহ তিনজনকে আটক করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৬টার দিকে সুধারাম থানাধীন লক্ষ্মীনারায়নপুর গ্রামের হাজি আসমত উল্যার বাড়ির একটি বসতঘর থেকে এসব পেট্রোল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—লক্ষ্মীনারায়নপুর চাপরাশি বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), মানিক হুজুরের বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) এবং মধুসুদনপুর পণ্ডিত বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় মসজিদের সামনে অবস্থানকালে বিষয়টি নিশ্চিত হয়ে একটি বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান চালায়। পরে একটি ঘরের ভেতর ড্রামে সংরক্ষিত অবস্থায় বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ মো. মহি উদ্দিন জানান, অবৈধভাবে জ্বালানি মজুদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে কালোবাজারি, মজুদদার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

error: Content is protected !!