দীর্ঘ দিন পিছিয়ে থাকা পাবনাকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে পাবনা নাগরিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ জুন) পাবনা জেলা পরিষদের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। অরাজনৈতিক এই সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলার বিশিষ্ট গুণীজনদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু বলেন, “পাবনার মানুষের অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়নে এই অরাজনৈতিক সংগঠনটি সবসময় ঢাল হয়ে পাশে থাকবে। আইন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি প্রতিরোধ এবং মানবিক সেবায় নিবেদিত হয়ে কাজ করবে এই কমিটি।” তিনি আরও উল্লেখ করেন, জেলার রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ সকল স্তরের গুণীজনদের নিয়ে এই কমিটির কার্যক্রম পরিচালিত হবে এবং শিল্প-বাণিজ্যের প্রসার ও সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই কমিটি একসাথে কাজ করবে।
সভায় জেলার আইন-শৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মাহাতাব উদ্দিন বিশ্বাস, সাবেক সভাপতি, পাবনা জেলা বিএনপি।
অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সদস্য সচিব, জেলা বিএনপি।
আক্তারুজ্জামান আকতার, সভাপতি, পাবনা প্রেসক্লাব।
মোজাম্মেল হক কবির, সভাপতি, জেলা ট্রাক মালিক গ্রুপ।
গোলাম রাব্বানী কামনা, বিশিষ্ট ব্যবসায়ী।
খতিব আব্দুল জাহিদ মুকুল, চেয়ারম্যান, গিভেন্সী গ্রুপ।
ইলিয়াস আহমেদ হিমেল রানা, আহ্বায়ক, জেলা যুবদল।
মনির আহমেদ, সদস্য সচিব, জেলা যুবদল।
সভায় এই সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই উদ্যোগের ফলে পাবনার ঝুলে থাকা উন্নয়নমূলক কাজগুলো দ্রুত গতি পাবে।