রাঙ্গাবালীতে বজ্রপাতে প্রাণ গেল যুবকের, নতুন বাবা ছিলেন তিনি

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ১ ঘন্টা আগে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ফসলের মাঠে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান সৌরভ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সৌরভ মজুমদার ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে। পরিবার জানায়, মাত্র এক সপ্তাহ আগে তিনি প্রথম সন্তানের বাবা হয়েছেন। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

error: Content is protected !!