বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৮টা ৫০ মিনিটে রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ইউনিট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাগুরা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এরপর সকাল ৯টা ২০ মিনিট থেকে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলী আহমেদ, ভাইস চেয়ারম্যান আহামেদ হোসেন, সেক্রেটারি মো. মাসুদ হাসান কিজিল, সোহেল রেজা, ফারহানা পারভীন, আলী তারেক, ডা. মাসুদুল হক ও শিকদার মনজুরুল আলমসহ অন্যরা।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “United in Humanity”। বক্তারা বলেন, জাতি, ধর্ম, বর্ণ ও ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বানই এ প্রতিপাদ্যের মূল বার্তা। তারা উল্লেখ করেন, দুর্যোগ, সংঘাত ও মানবিক সংকটে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বৈষম্যহীনভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।
বক্তারা আরও বলেন, ছোট ছোট মানবিক উদ্যোগও মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সহানুভূতি, শ্রদ্ধা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।