চরফ্যাশনে নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

ইলিশ সম্পদ সংরক্ষণ ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে ২ হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মৎস্য বিভাগের সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন হয়।

প্রতিটি জেলে পরিবারকে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি ও ৪ কেজি লবণ প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এছাড়াও অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সরকার যখন মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে, তখন জেলে পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।”

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং ইলিশের অভয়াশ্রম সংরক্ষণে মৎস্য বিভাগ ধারাবাহিকভাবে কাজ করছে। প্রকৃত জেলেরা যেন সরকারি সহায়তার আওতায় আসে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।”

খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলে পরিবারের সদস্যরা। তারা জানান, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি সহায়তা তাদের পরিবারে স্বস্তি এনে দিয়েছে। একই সঙ্গে ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে এ সহায়তা তাদের আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

error: Content is protected !!