পার্বত্য অঞ্চলে শিক্ষা সংস্কারের ঘোষণা

মুশফিকুর রহমান সোহেল | বান্দরবান:
প্রকাশ: ২৭ minutes ago

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর করতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিশেষ করে পার্বত্য তিন জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রক্সি বা বর্গা শিক্ষক নিয়োগের প্রবণতা বন্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ মে) সরকারি সফরে বান্দরবানে এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সফরের অংশ হিসেবে তিনি বান্দরবান সদরের পিটিআই এবং রেইছা থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকতা শুধুমাত্র চাকরি নয়, এটি দায়িত্ব ও সেবার জায়গা। শিক্ষকরা আন্তরিকভাবে পাঠদান করলে শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে অনেক শিক্ষার্থী বাংলা, গণিতসহ মৌলিক বিষয়ে প্রত্যাশিত দক্ষতা অর্জন করতে পারছে না, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, অতীতের তুলনায় প্রাথমিক শিক্ষার মান অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে। সরকার তা পরিবর্তনে কাজ করছে এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পিটিআই পরিদর্শনের সময় প্রশিক্ষণার্থী শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় শিক্ষকরা বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরলে তিনি সেগুলো সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, পিটিআই পরিচালক ফজলুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!