সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন নওগাঁ জেলার ৪৯ জন তরুণ-তরুণী। সরকারি ফি বাবদ মাত্র ১২০ টাকা খরচে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বিষয়টি জেলায় ব্যাপক ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (১৭ মে ২০২৬) নওগাঁ পুলিশ লাইন্স ড্রিলশেডে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল থেকে নিয়োগ কার্যক্রম শুরু হয়। শারীরিক যোগ্যতা যাচাইসহ বিভিন্ন ধাপ শেষে ৪ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলার ৬৬৫ জন প্রার্থী অংশ নেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১৭ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সব ধাপ শেষে মেধা, যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে ৪৯ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
ফলাফল ঘোষণার সময় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার কামরুন নাহার, জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফ হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। নতুন সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় কাজ করবেন বলে আমরা আশা করি।”
ফলাফল প্রকাশের পর নবনিযুক্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। স্বল্প খরচে মেধাভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।