নওগাঁর মান্দা উপজেলায় দীর্ঘদিন ধরেই অবাধে চলছে মাটি কাটার ব্যবসা। প্রশাসনের চোখের সামনেই নিয়ম-নীতির তোয়াক্কা না করে এক শ্রেণির প্রভাবশালী মহল এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে পরিবেশ ও স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়লেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলা-এর মৈনম ইউনিয়নের পিরোরি গ্রামে প্রতিদিনই অবাধে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে মাটি পরিবহন করা হয়, ফলে গ্রামীণ সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, মাটি বহনকারী যানবাহনের কারণে পুরো এলাকাজুড়ে ধুলাবালির সৃষ্টি হচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তবুও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
ভুক্তভোগীরা দ্রুত এই অবৈধ মাটি ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি পরিবেশ রক্ষা ও জনস্বার্থে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।