শেরপুরে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষার দাবিতে মানববন্ধন

জান্নাতুল বাকী | শেরপুর:
প্রকাশ: ২ ঘন্টা আগে

ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা বজায় রাখা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, শেরপুর সদর উপজেলা’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক গ্রাহক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন।

মঙ্গলবার (২ জুন) শেরপুর শহরের তেরাবাজারে ইসলামী ব্যাংকের শাখার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা অটুট রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সচেতন গ্রাহক মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

মানববন্ধনে জেএস মটরসের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার হাসানুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন।

শেরপুর জেলা টাইলস মালিক সমিতির সেক্রেটারি এবং ঢাকা টাইলসের স্বত্বাধিকারী জাবের আল সারোয়ার পরাগ বলেন, ব্যবসায়ী সমাজের একটি বড় অংশ ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে লেনদেন পরিচালনা করে। এ কারণে ব্যাংকিং পরিবেশে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

ফাইজা ট্রেডার্সের স্বত্বাধিকারী ডা. হাসানুজ্জামান হাসান বলেন, গ্রাহকদের আস্থা অক্ষুণ্ন রাখতে ব্যাংকিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে হাফেজ মাওলানা আরিফুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। কর্মসূচি সঞ্চালনা করেন সচেতন গ্রাহক আমিনুর রসূল।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন।

error: Content is protected !!