ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ”**—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
সিসিএস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আবুল হাসান সহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিএস জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আলম এবং সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক হুসাইন মুহাম্মদ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে প্রিয়ব্রত চৌধুরী বলেন, প্রতিদিন খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষ ভোক্তা হিসেবে সেবা গ্রহণ করে। তাই নিরাপদ ও ন্যায্য সেবা নিশ্চিত করতে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ভোক্তা হিসেবে সবার আগে নিজেকে সচেতন হতে হবে। সচেতনতার অভাবে স্বাস্থ্য ও জীবনের জন্য নানা ঝুঁকি তৈরি হতে পারে।
সহকারী পরিচালক নূর হোসেন রুবেল জানান, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। বাজারে অতিরিক্ত ভাড়া আদায় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অনিয়ম প্রতিরোধেও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক একটি বিশেষ সেশন এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, ভোক্তারা সচেতন হলে বাজারে অনিয়ম ও কারসাজি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।