মাগুরার ঐতিহ্যবাহী জিআই পণ্য হাজরাপুরী লিচুর সুনাম ও অর্থনৈতিক সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরতে দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
মেলায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, হাজরাপুরী লিচুর উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ সম্প্রসারণ, কৃষকদের উৎসাহ প্রদান এবং জিআই পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, নানা কারণে দেশ পিছিয়ে পড়লেও সঠিক নেতৃত্ব, পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলার হারানো ঐতিহ্য ও সম্ভাবনা পুনরুদ্ধার সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।