
বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয় বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। আজ শনিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বাজেট নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, বিরোধী দল এবারের বাজেটকে ‘কল্পনার বাজেট’ বলে আখ্যা দিচ্ছে। কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা ও স্বপ্ন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সুদূরপ্রসারী লক্ষ্য থাকা অপরিহার্য।
এর আগে বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, আঞ্চলিক বৈষম্য দূর করে পঞ্চগড়ের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মেগা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী জেলার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে জানান, দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বোদায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ, গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামোর আধুনিকায়ন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং বন্ধ থাকা শিল্প-কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ মেট্রিক টন চাল এবং ৬০টি পরিবারের পুনর্বাসনের জন্য ছাগল বিতরণ করা হয়। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
আনুষ্ঠানিকতা শেষে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন কবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের শুভ উদ্বোধন ও অগ্রগতি পর্যালোচনা করেন।