গণভোট বাস্তবায়নে কালিয়াকৈরে সমাবেশ

মোঃ রাসেল মিয়া :
প্রকাশ: ৩ ঘন্টা আগে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৫টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

গাজীপুর জেলা আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি সফিপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মিছিল শেষে বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সেক্রেটারি মো. শফিউদ্দিন রহমান। তিনি বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য নয়।

সমাবেশে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাসুদুর রহমান বলেন, গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। এ রায় বাস্তবায়নে বিলম্ব হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।
গাজীপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি জানানো হচ্ছে। তবে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এসময় কালিয়াকৈর উপজেলা আমির ডা. মুজাহিদুর ইসলাম বলেন, স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে আন্দোলন ছড়িয়ে দিতে হবে। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই এ দাবি বাস্তবায়ন সম্ভব।

সমাবেশে বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ইঙ্গিত দেন। কর্মসূচিতে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

error: Content is protected !!