কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি হিমাগার নির্মাণ, আলুভিত্তিক শিল্প স্থাপন এবং চিপস কারখানা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী।
শুক্রবার (মে দিবস উপলক্ষে) বিকেলে কালাই উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা ও পৌর শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে হিমাগার নির্মাণের পাশাপাশি আলুভিত্তিক শিল্প ও চিপস কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা, কৃষকের অধিকার নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কালাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহীম হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম, মো. রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার প্রমুখ।
সভায় স্থানীয় শ্রমিক ও কৃষকদের অধিকার, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।