মাগুরা প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসি এবং গণভোটের রায় অমান্যের অভিযোগে মাগুরায় জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নোমানী ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে জুলাই সনদ বাস্তবায়নে বিলম্বের অভিযোগ তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার দীর্ঘসূত্রতার মাধ্যমে জনগণের ন্যায্য অধিকারকে উপেক্ষা করছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এম বি বাকের বলেন, “সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় অগ্রাহ্য করে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালানো হচ্ছে।” তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
তিনি দাবি করেন, জনগণের অধিকার নিয়ে আর কোনো ধরনের আপস করা হবে না এবং দাবি আদায়ে আন্দোলনই হবে একমাত্র পথ।
গণমিছিলে মো. আব্দুল মতিনসহ জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।