সোনালি ধানে ভরা মাঠ, তবু চিন্তায় কৃষক

মো: মোস্তাকিম আল-হাসনাত:
প্রকাশ: ১ ঘন্টা আগে


দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলন হলেও শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মাঠজুড়ে পাকা ধান থাকলেও সময়মতো কাটতে না পারলে ক্ষতির আশঙ্কা করছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, সোনালি ধানে ভরে উঠেছে মাঠ। তবে অনিয়মিত বৃষ্টি ও শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। এতে নিচু জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের কৃষক বাদশা মিয়া জানান, এ বছর তিনি সাত বিঘা জমিতে বোরো ও মিনিকেট ধানের চাষ করেছেন। ফলন ভালো হলেও শ্রমিক সংকট ও আবহাওয়ার কারণে ধান কাটতে দুশ্চিন্তায় রয়েছেন।

কৃষকদের দাবি, আগে যেখানে কম খরচে শ্রমিক পাওয়া যেত, এখন মজুরি বেড়েও প্রয়োজন অনুযায়ী শ্রমিক মিলছে না। এতে উৎপাদন খরচও বেড়ে গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চিরিরবন্দরে প্রায় ১৯ হাজার ৬০৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ধান কাটা সম্পন্ন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, দ্রুত ধান কাটার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি কম খরচে ফসল ঘরে তুলতে কম্বাইন হারভেস্টার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

কৃষকদের মতে, সরকারি উদ্যোগে কৃষিযন্ত্র সহজলভ্য করা গেলে শ্রমিক সংকট মোকাবিলা সহজ হবে এবং উৎপাদন ক্ষতির ঝুঁকিও কমবে।

error: Content is protected !!