মধুমাস শুরু হওয়ার আগেই মাগুরার বিভিন্ন বাজারে অপরিপক্ক লিচু বিক্রি হতে দেখা গেছে। আকারে ছোট ও স্বাদে টক এসব লিচু আগাম বাজারজাত করায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও কৃষি সংশ্লিষ্টরা।
শহরের পুরাতন বাজার, নতুন বাজার, জামরুলতলা, ঢাকা রোড, ভায়না মোড়সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে খোলা জায়গায় এসব লিচু বিক্রি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অধিক লাভের আশায় কিছু ব্যবসায়ী অপরিপক্ক অবস্থাতেই লিচু বাজারে তুলছেন।
বিক্রেতাদের ভাষ্য, ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় অনেক বাগান মালিক আগেভাগেই লিচু বিক্রি করে দিচ্ছেন। ফলে ব্যবসায়ীরাও দ্রুত বাজারজাত করছেন। লিচু কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বাজারে আসা অধিকাংশ লিচুই এখনো পুরোপুরি পরিপক্ক নয়। স্বাদেও কাঙ্ক্ষিত মিষ্টতা পাওয়া যাচ্ছে না। তবে তুলনামূলক কম দামের কারণে অনেকেই কিনছেন।
স্থানীয় শিক্ষক আলমগীর হোসেন বলেন, মৌসুমের আগেই অপরিপক্ক লিচু বিক্রি উদ্বেগজনক। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
কৃষি বিভাগ সূত্র জানায়, বর্তমানে বাজারে থাকা অধিকাংশ লিচুই পুরোপুরি পরিপক্ক নয়। ভালো মানের ও পরিপক্ক লিচু বাজারে আসতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপরিপক্ক ফল সংরক্ষণ বা দ্রুত পাকাতে অনেক সময় রাসায়নিক ব্যবহারের অভিযোগও পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
একজন বাগান মালিক জানান, একটি গাছের সব লিচু একসঙ্গে পাকে না। এছাড়া ঝড়-বৃষ্টি ও পাখির আক্রমণে ক্ষতির আশঙ্কায় অনেক সময় আগেভাগেই লিচু সংগ্রহ করতে হয়।
এদিকে সচেতন মহল ভোক্তাদের নিরাপত্তায় বাজার মনিটরিং জোরদার এবং অপরিপক্ক ফল বিক্রির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।