মাগুরায় টিসিবির চালসহ ইজিবাইক আটক

মো: সাজ্জাদ হোসেন:
প্রকাশ: ৬ minutes ago

মাগুরার মহম্মদপুর উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে টিসিবির সরকারি চাল বহনের সময় একটি ইজিবাইক আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবির পণ্য বহন করা একটি ইজিবাইক দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় কয়েকটি বস্তায় থাকা চাল উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি পণ্য নিয়মবহির্ভূতভাবে বাইরে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। ঘটনাটি জানাজানি হলে এলাকায় আলোচনা সৃষ্টি হয়।
চাল ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, তিনি বাজার থেকে চাল কিনেছিলেন, তবে এটি সরকারি বরাদ্দের চাল কি না সে বিষয়ে তার জানা ছিল না বলে দাবি করেন।

এদিকে অভিযুক্ত ডিলার রফিকুল ইসলাম বাবু জানান, কিছু চাল বিক্রি করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যাও দেন তিনি। ঘটনার পর স্থানীয়দের উপস্থিতিতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চাল জব্দ করে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!