চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর জুন ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা সোমবার (৮ জুন) সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। তিনি পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সভায় কমিশনার বলেন, নগরীতে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।
এদিকে, পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪০০ মিটার, ৮০০ মিটার ও ১৫০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করায় কনস্টেবল মোঃ ইয়ামিনকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করেন সিএমপি কমিশনার।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, মাসিক কল্যাণ সভার মাধ্যমে পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।