ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম।
মঙ্গলবার তিনি উপজেলার গাজীরটেক ইউনিয়ন পরিষদ কার্যালয় ও বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জেলা প্রশাসককে স্বাগত জানান। গাজীরটেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধাও উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক দুর্গম চর হরিরামপুর ইউনিয়ন পরিদর্শন করেন। সেখানে ইউনিয়ন পরিষদ কার্যালয়, ভূমি অফিস, স্বাস্থ্যকেন্দ্র, হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন সরকারি সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে হাজিগঞ্জ বাজার সংলগ্ন চলমান খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।