চিরিরবন্দরে পারিবারিক বিরোধে বাবা-ছেলের প্রাণহানি

মো. মোস্তাকিম আল-হাসনাত, চিরিরবন্দর (দিনাজপুর):
প্রকাশ: ৪১ minutes ago


দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের টেপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম দুলু (৭০) এবং তার ছেলে জয়নাল আবেদীন কাবিল ওরফে বিশু (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ভুট্টাক্ষেতে কাজ করার সময় পরিবারের কয়েকজন সদস্যের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করার চেষ্টা করলে তার ছেলে কাবিলও আহত হন।

পরবর্তীতে আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে চলে যান বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

চিরিরবন্দর থানার তদন্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

error: Content is protected !!