জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার ব্যর্থ: আসিফ মাহমুদ

বিশেষ প্রতিনিধি, দেশ এডিশন কুমিল্লা:
প্রকাশ: ১ ঘন্টা আগে

দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, সাংগঠনিক অদক্ষতা ও রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে বর্তমান ক্ষমতাসীন দল সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার দেশপ্রিয় কনভেনশন হলে এনসিপি আয়োজিত এক ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, “নির্বাচনের পূর্বে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই বলা হতো নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বর্তমান সরকারের আমলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার মতো বিষয়গুলো দিন দিন আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের দাম প্রতিনিয়ত বাড়ছে। গত সতেরো বছরে যা দেখা যায়নি, গত তিন মাসে তার চেয়েও বেশি মূল্যবৃদ্ধি ঘটেছে। ক্রাইসিস মুহূর্তে বর্তমান সরকার সঠিকভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না। যেখানে ঘোষণা দেওয়া হয়েছিল দুই বছরে কোনো কিছুর দাম বাড়বে না, সেখানে মাত্র দুই মাসের ব্যবধানে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে।”

এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মুখপাত্র বলেন, “আমরা ইতোমধ্যে দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম ‘ছায়া বাজেট’ প্রণয়ন করেছি। জনগণের প্রত্যাশা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এনসিপি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদান কর্মসূচি: অনুষ্ঠান শেষে নাগরিক ঐক্য বাংলাদেশ কুমিল্লা জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট এস আলম মজুমদার মোহন এবং ‘আপ বাংলাদেশ’ কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব ডা. মো. লোকমান হোসাইনসহ বিভিন্ন সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন। অন্যান্য যোগদানকারীদের মধ্যে রয়েছেন আব্দুর রহিম, ইব্রাহিম খলিল রাজু, মেহেদী হাসান সিয়াম, মাওলানা আব্দুল্লাহ আল নোমান, মো. শাকিল রহমান, সাদেক উল্লাহ, মুশফিকুর রহমান তামিম এবং মো. সাইফুল ইসলাম।

error: Content is protected !!